জাতীয়

ইলেকশন হবে ইনশাআল্লাহ, কোনো শঙ্কা নেই: সিইসি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ পিএম

ইলেকশন হবে ইনশাআল্লাহ, কোনো শঙ্কা নেই: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশের নির্বাচন সম্পূর্ণ ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল হবে। তিনি তরুণ ভোটারদের গুরুত্ব আরোপ করে বলেন, তাদের এনার্জি, আইডিয়াজ এবং ক্রিয়েটিভিটি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।

সিইসি সোমবার রাজধানীর গুলশানে আয়োজিত ইউথ ভোটার অনুষ্ঠানে বলেন, “তরুণরা সাহসের, এনার্জির এবং সৃষ্টির প্রতীক। তোমাদের অংশগ্রহণ দেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে সহায়ক হবে।”

তিনি উল্লেখ করেন, এই নির্বাচনটি ইতিহাস তৈরি করবে। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারী, কারাবন্দী এবং দেশের বিভিন্ন স্থানে পোস্টেড কর্মীদেরও ভোটাধিকার কার্যকর হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচনের কোনো শঙ্কা নেই। “ইলেকশন হবে ইনশাআল্লাহ। সবাইকে সাথে নিয়ে হবে। আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় তারা সক্ষম।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, সম্প্রতি ঢাকা-৮ আসনের প্রার্থী ওসমান হাদির ওপর হামলার ঘটনা বিচ্ছিন্ন। এ ধরনের ঘটনা আগে থেকেও ঘটেছে, তাই এটি নতুন নয়। বরং বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নত।

সিইসি প্রতিশ্রুতি দেন, নির্বাচন কমিশন সব প্রস্তুতি নিয়ে সুষ্ঠু, সুন্দর এবং প্রতিযোগিতামূলক নির্বাচন আয়োজনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। “ইনশাআল্লাহ, আমরা সবাই মিলে দেশের মানুষকে একটি সুন্দর নির্বাচন উপহার দেব।”