জাতীয়
নির্বাচনের আগে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি যেকোনো মূল্যে স্বাভাবিক রাখার কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও নিরাপত্তা প্রস্তুতি জোরদারের লক্ষ্যে তাঁর নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। আজ সোমবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে বৈঠকের বিস্তারিত তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানসহ বিভিন্ন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করা হয়।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সম্ভাব্য পরিস্থিতি, আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও তদন্তের অগ্রগতি নিয়েও আলোচনা করা হয়।
পুলিশের পক্ষ থেকে বৈঠকে জানানো হয়, সম্প্রতি দুটি জাতীয় দৈনিক পত্রিকা ও দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করা হয়েছে। এ পর্যন্ত ৩১ জন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে। এসব ঘটনায় আজ সোমবার সকাল পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অন্তত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. কাশেম ফারুকি, মো. সাইদুর রহমান, রাকিব হোসেন, মো. নাইম, মো. সোহেল রানা এবং মো. শফিকুল ইসলাম। বাকি শনাক্ত সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এছাড়া চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনের নিকটে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার ঘটনায়ও তিনজনকে ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হয়েছে বলে বৈঠকে জানানো হয়।
বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের পাশাপাশি অন্যান্য বেআইনি ও সহিংস কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন। তিনি স্পষ্ট করে বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেকোনো মূল্যে স্বাভাবিক রাখতে হবে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য বরদাশত করা হবে না।
বৈঠক থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক, সক্রিয় ও সমন্বিতভাবে মাঠপর্যায়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।