জাতীয়

পোস্টাল ব্যালটে ভোটের সুযোগ পাচ্ছেন ১৫ লাখের বেশি নাগরিক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ১০:৫২ পিএম

পোস্টাল ব্যালটে ভোটের সুযোগ পাচ্ছেন ১৫ লাখের বেশি নাগরিক
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন শ্রেণির ১৫ লাখের বেশি ভোটার আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

সোমবার (৫ জানুয়ারি) ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় শেষ হওয়ার পর এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ৯টা পর্যন্ত মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১১ হাজার ৪৯৭ জন। এর বাইরে আরও ৬ হাজার ৬৬ জনের আবেদন অনুমোদনের অপেক্ষায় রয়েছে। নিবন্ধিত ভোটারদের মধ্যে পুরুষ ১২ লাখ ৬৪ হাজার ১১৮ জন এবং নারী ২ লাখ ৪৭ হাজার ৩৭৭ জন।

এবারের নির্বাচনে প্রবাসী ভোটার, নির্বাচন দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং কারাবন্দিদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন। দেশের অভ্যন্তর থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৪৮ হাজার ৪২৪ জন ভোটার। প্রবাসীদের মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন এসেছে সৌদি আরব থেকে, যেখানে আবেদন করেছেন ২ লাখ ৩৬ হাজার ৪০১ জন। সবচেয়ে কম নিবন্ধন হয়েছে জিম্বাবুয়ে, কলম্বিয়া, ক্যামেরুন ও নাইজার থেকে—এই চারটি দেশ থেকে একজন করে প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। সব মিলিয়ে বিশ্বের প্রায় ৬০টি দেশ থেকে প্রবাসীরা পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পরই পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ শুরু হবে। যারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন, তারা কেন্দ্রভিত্তিক ভোটারদের তুলনায় অন্তত ২০ দিন আগে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

নিবন্ধন সম্পন্ন হওয়া ভোটারদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠাবে নির্বাচন কমিশন। এতে ফিরতি খাম সংযুক্ত থাকবে। সংসদ নির্বাচনের ব্যালট পেপারে কোনো প্রার্থীর নাম থাকবে না, থাকবে কেবল প্রতীক। পাশাপাশি গণভোটের জন্য পৃথক ব্যালট পেপার সরবরাহ করা হবে।

ভোটাররা নির্ধারিত ব্যালটে ভোট প্রদান করে খামে ভরে নিকটস্থ পোস্টবক্স বা পোস্ট অফিসে জমা দেবেন। সেখান থেকে ব্যালট সংশ্লিষ্ট ভোটারের আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাবে। ভোটের দিন অন্যান্য ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটও গণনা করা হবে। তবে নির্ধারিত সময়ের পরে পৌঁছানো ব্যালট বাতিল হিসেবে গণ্য হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।