জাতীয়

সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠকে ইসি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১১:২৯ এএম

সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠকে ইসি
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সশস্ত্র বাহিনীসহ ১৬টি বিভাগ ও সংস্থার সঙ্গে সমন্বয় বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার সকাল ৯টায় নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

বৈঠকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, বাংলাদেশ পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই), ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই), জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার (এনটিএমসি) এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।

সমন্বয় বৈঠকে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, সারা দেশে নির্বাচনকে ঘিরে গঠিত সমন্বয় কমিটিগুলোর কার্যক্রমে কিছু ক্ষেত্রে সমন্বয়হীনতা লক্ষ্য করা যাচ্ছে। এ অবস্থায় দ্রুত এসব দুর্বলতা কাটিয়ে উঠে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্তভাবে নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট সব সংস্থাকে আরও কার্যকর ও সমন্বিত ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ভোটকে কেন্দ্র করে যেকোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। প্রয়োজনে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আগাম প্রস্তুতি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে অংশ নেওয়া বিভিন্ন বাহিনী ও সংস্থার প্রতিনিধিরা নির্বাচনী নিরাপত্তা, ভোটকেন্দ্রের সুরক্ষা, তথ্য আদান-প্রদান এবং দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করার বিষয়ে নিজ নিজ প্রস্তুতির কথা তুলে ধরেন। নির্বাচন কমিশন আশা প্রকাশ করে জানায়, সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত প্রচেষ্টায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।