জাতীয়

আয়নাঘরের অন্ধকারে ফিরতে না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন : আদিলুর রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৫:১৮ পিএম

আয়নাঘরের অন্ধকারে ফিরতে না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন : আদিলুর রহমান
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বাংলাদেশকে যদি আবারও গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন ও তথাকথিত ‘আয়নাঘরের’ অন্ধকার দিনগুলোতে ফিরে যেতে না হয়, তাহলে গণভোটের পক্ষে স্পষ্ট অবস্থান নিতে হবে এবং ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। একই সঙ্গে জনগণকে নিজেদের পছন্দের গণপরিষদ সদস্য নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

রবিবার সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নাগরিক পদক–২০২৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আদিলুর রহমান খান।

তিনি বলেন, “দেড় বছর আগে ঢাকার রাস্তায় ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষ বাংলাদেশের পরিবর্তনের জন্য রক্ত দিয়েছেন। সেই আত্মত্যাগের ধারাবাহিকতায় একটি নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে।”

উপদেষ্টা আরও বলেন, “আমরা সেই বাংলাদেশই গড়তে চাই, যে স্বপ্ন আমাদের শহীদরা দেখিয়ে গেছেন। একটি বাংলাদেশ—যেখানে আর অন্যায়ের পথ অনুসরণ করা হবে না, যেখানে বৈষম্যের কোনো স্থান থাকবে না।” তিনি স্বীকার করেন, সরকার খুব বেশি সময় পায়নি, তবে যতটুকু কাজ করা সম্ভব হয়েছে, সেটিকে স্থায়ী ভিত্তির ওপর দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে।

আদিলুর রহমান খান জোর দিয়ে বলেন, “বাংলাদেশ আর কখনো আধিপত্যবাদের কাছে মাথা নত করবে না। অন্যায় ও অবিচারের কাছেও মাথা নত করবে না—এটাই আমাদের আকাঙ্ক্ষা।”

তিনি আশা প্রকাশ করেন, গণভোটের মাধ্যমে জনগণ একটি ন্যায়ভিত্তিক, মানবাধিকারসম্মত ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার পথে দৃঢ় সিদ্ধান্ত নেবে।