জাতীয়
আজ বিকেলে ঢাকায় পৌঁছাচ্ছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আজ সোমবার বিকেলে ঢাকায় পৌঁছাবেন। ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস ও ইমিগ্রেশন সূত্র জানায়, তিনি কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে বিকেল ৫টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। তার আগমনের মধ্য দিয়ে ঢাকায় যুক্তরাষ্ট্রের দীর্ঘদিন ধরে শূন্য থাকা রাষ্ট্রদূতের পদ পূর্ণ হতে যাচ্ছে।
এর আগে গত ৯ জানুয়ারি (স্থানীয় সময়) ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। শপথ অনুষ্ঠানের পর তিনি বলেন, বাংলাদেশে ফিরে আসতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। বাংলাদেশকে তিনি ভালোভাবে চেনেন এবং ঢাকায় মার্কিন দূতাবাসের টিমকে নেতৃত্ব দিয়ে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং সিনিয়র ফরেন সার্ভিসের কাউন্সেলর র্যাঙ্কের সদস্য। তিনি এর আগে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ডে বৈদেশিক নীতি উপদেষ্টা হিসেবে দায়িত্বে ছিলেন।
কূটনৈতিক জীবনে তিনি ফিলিপাইনের ম্যানিলা, এল সালভাদরের সান সালভাদর, সৌদি আরবের রিয়াদ এবং ভিয়েতনামের হো চি মিন সিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। শিক্ষাজীবনে তিনি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়ার কলেজ থেকে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক নতুন গতি পাবে বলে কূটনৈতিক মহলে আশা করা হচ্ছে।