সারাবিশ্ব
কোনো মুসলিম ভূখণ্ড যেন অন্য মুসলিম ভূখণ্ডের বিরুদ্ধে ব্যবহৃত না হয়: পেজেশকিয়ান
কোনো মুসলিম দেশের ভূখণ্ড যেন অন্য কোনো মুসলিম দেশের বিরুদ্ধে হামলা চালাতে ব্যবহার করা না হয়—এমন আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) তেহরানে আয়োজিত ৪০তম আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে ইরানে হামলার বিষয়ে নিজের অবস্থানও পুনর্ব্যক্ত করেন তিনি।
মাসুদ পেজেশকিয়ান বলেন, কোনো মুসলিম দেশের উচিত নয় প্রতিবেশী দেশকে অনিরাপদ করে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা। একইভাবে কোনো মুসলিম দেশের ভূখণ্ড অন্য কোনো মুসলিম দেশের বিরুদ্ধে ব্যবহারের সুযোগ দেওয়া উচিত নয়।
ইরান দুর্বল অবস্থানে নেই উল্লেখ করে তিনি বলেন, নিজেদের প্রতিরক্ষা কীভাবে করতে হয়, তা তেহরান ভালোভাবেই জানে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মুখেও ইরান শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে বলে দাবি করেন তিনি।
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, পশ্চিম এশিয়ায় কোনো যুদ্ধ ইরান শুরু করেনি। তবে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে ইরান দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলেছে। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলই ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে।
তিনি বলেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মতপার্থক্য নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা চলার সময়ই ইরানের ওপর সামরিক হামলা চালানো হয়। এতে ইরানের সামরিক কমান্ডার, কর্মকর্তা, বিজ্ঞানী, শিক্ষার্থী ও বেসামরিক নাগরিক নিহত হন। পাশাপাশি বিভিন্ন শহর ও অবকাঠামোও হামলার লক্ষ্যবস্তু করা হয় বলে দাবি করেন তিনি।
সম্মেলনে মুসলিম দেশগুলোর পারস্পরিক মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মাসুদ পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, সম্মেলনে ইরাক, পাকিস্তান, তুরস্ক, লেবানন ও আফগানিস্তানসহ ৪০টি দেশের প্রায় ৬০০ দেশি-বিদেশি অতিথি অংশ নিয়েছেন। সম্মেলনটি রোববার পর্যন্ত চলবে।