সারাদেশ

কক্সবাজারে আবাসিক হোটেলের বারে সংঘর্ষ, নিহত ২ যুবক


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১২:৪৯ পিএম

কক্সবাজারে আবাসিক হোটেলের বারে সংঘর্ষ, নিহত ২ যুবক
ছবি: সংগৃহীত

কক্সবাজার শহরের ঝাউতলা এলাকার একটি আবাসিক হোটেলের বারে মারামারির ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে রেনেসাঁ হোটেলের বারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে কয়েকজন যুবক ওই বারে গিয়ে মদ্যপান করছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় ধারালো অস্ত্র ও ভাঙা কাচের বোতলের আঘাতে রাশেদ নামে এক যুবক গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রাশেদ কক্সবাজার শহরের নুনিয়ারছড়া এলাকার বাসিন্দা।

এদিকে রাশেদের মৃত্যুর পর স্থানীয় লোকজন সালমান নামে আরেক যুবককে আটক করে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

পুলিশের ভাষ্য, রাশেদ ও সালমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা রাতে ওই বারে গিয়েছিলেন এবং তারা মদ্যপ অবস্থায় ছিলেন। কথা-কাটাকাটির একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হলে সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত সালমান কক্সবাজারের বিজিবি ক্যাম্প এলাকার বাসিন্দা। স্থানীয়দের দাবি, তিনি বিএনপির কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানান, রাশেদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে এবং সালমানের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।