সারাদেশ
টাঙ্গাইলে বাবার বাড়ি যাওয়ার পথে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে মা-ছেলে নিহত
টাঙ্গাইলের সখীপুরে মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক নারী ও তার এক বছর বয়সী ছেলে নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী বটতলা মিলপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাসাইল উপজেলার আদাবাড়ি গ্রামের শুভ আহমেদের স্ত্রী ইসরাত জাহান আখি এবং তার এক বছর বয়সী ছেলে রিফাত।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে স্বামীর বাড়ি বাসাইলের আদাবাড়ি গ্রাম থেকে ছেলেকে সঙ্গে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে সখীপুর উপজেলার পাহাড়কাঞ্চনপুরের উদ্দেশে রওনা হন আখি।
পথে অটোরিকশাটি নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী বটতলা মিলপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশা থেকে ছিটকে পড়ে মা ও ছেলে ট্রাকের চাকার নিচে পিষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত মা ও ছেলের মরদেহ উদ্ধার করে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।