জাতীয়
চীনের প্রতিষ্ঠান থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ কিনবে সরকার
ঢাকার আমিনবাজারে বর্জ্য থেকে উৎপাদিত বিদ্যুৎ চীনের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতি ইউনিট ২৫ টাকা দরে কিনবে সরকার। এ প্রকল্পের আওতায় ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। আগামী ১৮ মাসের মধ্যে প্রকল্পটি উৎপাদনে যাওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।
বিদ্যুতের দাম সম্পর্কে মীর শাহে আলম বলেন, চীনের প্রতিষ্ঠানটির কাছ থেকে প্রতি ইউনিট ২৫ টাকা দরে বিদ্যুৎ কেনা হবে। প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে এগোলে ২০২৮ সালের আগস্ট বা সেপ্টেম্বর নাগাদ আমিনবাজারে বর্জ্য থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।
প্রতিমন্ত্রী বলেন, প্রতি ইউনিট বিদ্যুতের দাম তুলনামূলক বেশি মনে হলেও এ প্রকল্পের মাধ্যমে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনার বড় একটি সমস্যার সমাধান হবে। এ প্রকল্পে বাংলাদেশ সরকারকে কোনো বিনিয়োগ করতে হবে না।
তিনি বলেন, ঢাকা শহরের ময়লা-আবর্জনা দীর্ঘদিন ধরে বড় একটি সমস্যা। বিদ্যুতের দাম বেশি মনে হলেও পরিবেশগত বিষয় এবং কার্বন সনদের সুবিধা বিবেচনা করলে এ ব্যয়ের একটি অংশ অন্যভাবে পুষিয়ে নেওয়া সম্ভব হবে।
প্রকল্পের আওতায় বর্জ্য প্রক্রিয়াজাত করার পাশাপাশি জৈব সারও উৎপাদন করা হবে। এ ছাড়া বিনিয়োগকারী প্রতিষ্ঠান ল্যান্ডফিল ব্যবহারের জন্য সংশ্লিষ্ট সিটি করপোরেশনকে মাসিক ভাড়া দেবে।
মীর শাহে আলম আরও জানান, আমিনবাজারের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ল্যান্ডফিলে জমে থাকা বর্জ্য থেকেও বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। ওই প্রকল্প থেকে প্রতিদিন ৪০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে চীনের বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান পাওয়ার চায়নার সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।