জাতীয়
গত ১৫ বছর প্রকাশ্য দিবালোকে ব্যাংক ডাকাতি হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, গত ১৫ বছরে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে, যার বড় একটি অংশ ঘটেছে প্রকাশ্য দিবালোকে ব্যাংক ডাকাতির মতো করে। তিনি বলেন, অর্থ পাচারের আরেকটি উল্লেখযোগ্য অংশ হয়েছে হিসাবনিকাশের কারসাজির মাধ্যমে।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ‘পরবর্তী প্রজন্মের পেশা: নৈতিক এআই এবং টেকসই রিপোর্টিংয়ের রূপান্তর’ শীর্ষক এই সম্মেলনে তিনি দেশের শীর্ষস্থানীয় হিসাবরক্ষকদের প্রতি দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমাদের দেশের বহু শীর্ষ হিসাবরক্ষক আজ এখানে উপস্থিত। ভবিষ্যতে যেন এমন আর্থিক অনিয়ম না ঘটে, সে জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমরা চাই দেশকে একটি ভিন্ন ও সঠিক পথে ফিরিয়ে আনতে।”
আন্তর্জাতিক প্রেক্ষাপটে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশ একটি দায়িত্বশীল প্রতিবেশী দেশ এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সক্রিয় সদস্য হিসেবে নিয়মভিত্তিক বৈশ্বিক ব্যবস্থা ও সম্মিলিত উদ্যোগে বিশ্বাস করে। আলোচনার মাধ্যমে আস্থা তৈরি এবং যৌথ সমস্যার সমাধানে দেশটি সবসময় সহযোগিতার পক্ষে।
তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে বিশ্বব্যাপী পেশাগত কাঠামো বদলে যাচ্ছে। একইসঙ্গে ব্যবসা ও প্রশাসনে স্বচ্ছতা, টেকসই উন্নয়ন এবং নৈতিকতার গুরুত্ব বাড়ছে। বাংলাদেশের ক্ষেত্রে প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নৈতিক ও সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন জ্ঞান বিনিময়, সেরা অভিজ্ঞতা ভাগাভাগি এবং অর্থবহ সহযোগিতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখে, যা আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ভবিষ্যৎ গঠনে সহায়তা করবে।