জাতীয়
নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া মেটানো হবে: শ্রম উপদেষ্টা
নাসা গ্রুপের মালিকানাধীন সম্পত্তি বিক্রি করে প্রতিষ্ঠানটির শ্রমিকদের আইনানুগ বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট পরিশোধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এ তথ্য জানিয়েছেন।
রোববার (১৮ জানুয়ারি) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় তিনি বলেন, আদালত কর্তৃক নিযুক্ত প্রশাসকের মাধ্যমে নাসা গ্রুপের শেয়ার বিক্রি করে ইতোমধ্যে শ্রমিকদের ৭৬ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী গ্রুপটি আটটি ব্যাংকের ডাউন পেমেন্টও সম্পন্ন করেছে।
তিনি জানান, অবশিষ্ট ১৫টি ব্যাংকের ডাউন পেমেন্ট এবং শ্রমিকদের বাকি পাওনা পরিশোধ নিশ্চিত করতে আদালতের নির্দেশনার ভিত্তিতে নাসা গ্রুপের কিছু সম্পত্তি উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে বিক্রির প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
‘বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্পপ্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা’ সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৫তম সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন শ্রম উপদেষ্টা।
সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শকসহ স্বরাষ্ট্র, অর্থ ও আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া নাসা গ্রুপের প্রশাসক, প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তারাও আলোচনায় অংশ নেন।