জাতীয়

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:১২ পিএম

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

গণভোটে ‘হ্যাঁ’-তে সিল দিয়ে নতুন বাংলাদেশ গঠনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (১৯ জানুয়ারি) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি দেশবাসীর প্রতি এই আহ্বান জানান।

ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ গড়ার সিদ্ধান্ত এখন জনগণের হাতে। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে সেই দরজা খুলে যাবে। তিনি বলেন, নিজে ‘হ্যাঁ’-তে ভোট দিন, অন্যদেরও উদ্বুদ্ধ করুন এবং সবাইকে ভোটকেন্দ্রে নিয়ে আসুন। সবাই মিলে দেশ বদলে দেওয়ার এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

জুলাই গণঅভ্যুত্থানকে জাতির ইতিহাসে এক অনন্য অর্জন উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, এই আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে। ইতোমধ্যে কিছু সংস্কার বাস্তবায়ন করা হয়েছে এবং আরও গভীর সংস্কারের লক্ষ্যে সব রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে ‘জুলাই সনদ’ প্রণয়ন করা হয়েছে। এই সনদ কার্যকর করতে জনগণের সম্মতি প্রয়োজন বলেই গণভোটের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

প্রধান উপদেষ্টা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই এই গণভোট অনুষ্ঠিত হবে। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়লে বাংলাদেশ বৈষম্য, শোষণ ও নিপীড়ন থেকে মুক্তির পথে এগিয়ে যাবে। একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে এবং সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে জনগণের সম্মতি বাধ্যতামূলক হবে।

ভাষণে তিনি আরও বলেন, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদের গুরুত্বপূর্ণ কমিটির সভাপতিরা নির্বাচিত হবেন। একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবে এবং সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়বে। ক্ষমতার ভারসাম্য রক্ষায় পার্লামেন্টের উচ্চকক্ষ গঠনের কথাও উল্লেখ করেন তিনি।

এ ছাড়া রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষার সাংবিধানিক স্বীকৃতি, রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের ক্ষমতায় সীমাবদ্ধতা, প্রধানমন্ত্রীর হাতে অতিরিক্ত ক্ষমতা কেন্দ্রীভূত না থাকা এবং মৌলিক অধিকার আরও সুরক্ষিত করার বিষয়গুলোও ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে নিশ্চিত হবে বলে জানান প্রধান উপদেষ্টা।

ভাষণের শেষ অংশে অধ্যাপক মুহাম্মদ ইউনূস আবারও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী নির্বাচনের দিন গণভোটে অংশ নিয়ে রাষ্ট্রকে নিজেদের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে ‘হ্যাঁ’-তে সিল দিন।