জাতীয়

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থী ৮৯১ জন: টিআইবি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০২:২৯ পিএম

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থী ৮৯১ জন: টিআইবি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯১ জন। এর মধ্যে শতকোটিপতি প্রার্থী রয়েছেন ২৭ জন।

প্রার্থীদের দাখিল করা সম্পদের হলফনামা বিশ্লেষণ করে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, এবারের নির্বাচনে ইসলামপন্থি দলগুলোর প্রার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। মোট প্রার্থীর ৩৬ শতাংশেরও বেশি ইসলামপন্থি দলের প্রার্থী।

তিনি আরও জানান, পূর্ববর্তী নির্বাচনের মতো এবারও নারী প্রার্থীদের অংশগ্রহণ ৫ শতাংশের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি।

ঋণখেলাপিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিষয়টি সমালোচনা করে ইফতেখারুজ্জামান বলেন, প্রার্থীদের মোট ঋণের পরিমাণ ১৮ হাজার ৮৬৮ কোটি টাকা। বিএনপির ৫৯ শতাংশ এবং জামায়াতের ২২ শতাংশ প্রার্থী ঋণগ্রস্ত।

হলফনামায় সম্পদ গোপনের প্রবণতা থাকলেও তা যাচাইয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, ক্ষমতা, অর্থ, পেশিশক্তি ও ধর্মের কাছে রাজনীতি ক্রমেই জিম্মি হয়ে পড়ছে।

এছাড়া এবারের নির্বাচনে ২১ জন প্রার্থী বিদেশি নাগরিকত্ব ত্যাগের ঘোষণা দিলেও টিআইবির তথ্যমতে অন্তত দুজন প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব রয়েছে। একই সঙ্গে কয়েকজন প্রার্থীর হলফনামায় সম্পদ গোপনের তথ্যও তুলে ধরে সংস্থাটি।

টিআইবি মনে করে, নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রার্থীদের হলফনামা যাচাই প্রক্রিয়া আরও শক্তিশালী করা জরুরি।