জাতীয়
অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা দেবে: সেনাপ্রধান
বাংলাদেশ সেনাবাহিনী জাতির প্রত্যাশিত অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
তিনি বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে নির্বাচনসংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় ও কার্যকর কো-অর্ডিনেশনের মাধ্যমে কাজ করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
গতকাল চট্টগ্রাম সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় সেনাপ্রধান এসব কথা বলেন। সভায় চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে চট্টগ্রাম জেলার নির্বাচনী প্রস্তুতি, সার্বিক অবস্থা এবং চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন। উপস্থাপনা শেষে সেনাপ্রধান চট্টগ্রামের সামগ্রিক নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া তিন পার্বত্য জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং বিভাগীয়, জেলা প্রশাসন ও সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।
এর আগে একই দিনে কুমিল্লায় বেসামরিক প্রশাসনের সঙ্গে পৃথক এক মতবিনিময় সভায় অংশ নেন সেনাবাহিনী প্রধান। কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে তিনি আলোচনা করেন। আলোচনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থাপনা এবং পারস্পরিক সমন্বয়ের বিষয়টি গুরুত্ব পায়।
মতবিনিময়কালে সেনাপ্রধান নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এদিন সেনাবাহিনী প্রধান হেলিকপ্টারে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে পৌঁছান। সেখানে নির্বাচন উপলক্ষে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।