জাতীয়

স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যায় আরও এক ‘শুটার’ গ্রেপ্তার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০৪:৩২ পিএম

স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যায় আরও এক ‘শুটার’ গ্রেপ্তার
আজিজুর রহমান মুছাব্বির। ছবি: সংগৃহীত

স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে জড়িত আরও এক শুটারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। একই সঙ্গে হত্যায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে নরসিংদী জেলার একটি এলাকায় অভিযান চালিয়ে রহিম নামে ওই শুটারকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, মুছাব্বির হত্যা মামলায় এ পর্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে এবং তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে। বিষয়টি নিয়ে আগামীকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

এর আগে এই হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গত ১০ জানুয়ারি দিবাগত রাতে মানিকগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জিন্নাত (২৪), আব্দুল কাদির (২৮) ও মো. রিয়াজ (৩২) নামের তিনজনকে আটক করা হয়।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে রাজধানীর বসুন্ধরা সিটির পেছনে স্টার হোটেলের সামনে মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পরদিন ৮ জানুয়ারি তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। নিহতের স্ত্রী সুরাইয়া আক্তার মামলার বাদী হয়ে চার থেকে পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করেন।