জাতীয়
রমজানেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু জানিয়েছেন, ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড কার্যকর করা হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের ইস্যু বিস্তারিত উল্লেখ রয়েছে। এটি কার্যকর করার প্রক্রিয়া ও কার্ড বিতরণের মেকানিজম নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তিনি জানান, ফ্যামিলি কার্ড সার্বজনীন হবে, তবে প্রথমে হতদরিদ্র, এরপর দরিদ্র ও মধ্যবিত্ত পর্যায়ে বিতরণ শুরু হতে পারে।
মন্ত্রী আরও জানান, এই পাইলট প্রজেক্ট ঈদের আগে চালু হবে। তিনি বলেন, “আমাদের প্রধানমন্ত্রী চান অন্তত পাইলট প্রজেক্ট হিসেবে ঈদের আগেই শুরু করতে। মেকানিজম ঠিক করা হচ্ছে, কার্যক্রম শুরু হবে।”
পরিবেশ মন্ত্রণালয় আশা করছে, ফ্যামিলি কার্ড কার্যক্রম জনগণের জন্য সুবিধাজনক হবে এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।