জাতীয়
জ্বালানি উপদেষ্টার পিএস থেকে স্বরাষ্ট্র মন্ত্রীর পিএস
সড়ক, রেল, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের একান্ত সচিব (পিএস) হিসেবে দায়িত্ব পালন করা মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়াকে এবার স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমেদের একান্ত সচিব হিসেবে নিয়োগ দিয়েছে নতুন সরকার।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে সই করেছেন সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বর্তমানে মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে কর্মরত আছেন। তিনি ২৮তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। এর আগে গত বছরের ১৮ আগস্ট তিনি সড়ক, রেল, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের পিএস হিসেবে নিয়োগ পান।
উল্লেখ্য, উপদেষ্টাদের পছন্দ অনুযায়ী উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের মধ্য থেকে একান্ত সচিব নিয়োগ দিয়ে সে সময় জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করেছিল। উপদেষ্টা যত দিন দায়িত্বে থাকবেন অথবা পিএস হিসেবে কাউকে রাখার অভিপ্রায় ব্যক্ত করবেন, তত দিন পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা পিএস পদে বহাল থাকবেন।
তবে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠায় মাত্র আট মাসের মাথায় হাসনাত মোর্শেদ ভূঁইয়াকে বাণিজ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়।