জাতীয়

বাজার ব্যবস্থাপনায় দ্রুতই ইতিবাচক পরিবর্তন আসবে: বাণিজ্যমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৪ পিএম

বাজার ব্যবস্থাপনায় দ্রুতই ইতিবাচক পরিবর্তন আসবে: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: সংগৃহীত

বাজারে নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে জানিয়ে দ্রুত ইতিবাচক পরিবর্তনের আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, রমজানকে কেন্দ্র করে কেউ অযৌক্তিকভাবে দাম বাড়ানোর চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, বাজারে সরবরাহ সংকট নেই। তবু কিছু অসাধু ব্যবসায়ী রমজানের আগে দাম বাড়ানোর চেষ্টা করছেন। “যারা মূল্যবৃদ্ধির কারসাজিতে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইন নিজের গতিতে চলবে,” বলেন তিনি।

বাজার পরিস্থিতি স্বাভাবিক ও ক্রেতাবান্ধব করতে সরকার নানা পরিকল্পনা নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব পদক্ষেপ বাস্তবায়নে কিছুটা সময় প্রয়োজন। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন তিনি।

পরিদর্শনের সময় মন্ত্রী বিভিন্ন দোকান ঘুরে পণ্যের মূল্য যাচাই করেন। পুরো ঢাকায় একযোগে তদারকি প্রশাসনিকভাবে চ্যালেঞ্জিং হলেও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর–এর ১০টি টিম নিয়মিত অভিযান চালাচ্ছে বলে জানান তিনি। ব্যবসায়ীদের মধ্যে সার্বক্ষণিক নজরদারির বার্তা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য বলেও উল্লেখ করেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, রমজানের আগে ৪০-৫০ টাকার পণ্য হঠাৎ ১২০ টাকায় বিক্রি হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাজার যেন কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রণে না যায়, সে বিষয়ে সরকার সজাগ রয়েছে।

সম্প্রতি ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের প্রধানের ওপর ব্যবসায়ীদের হামলার ঘটনায় প্রশ্ন করা হলে মন্ত্রী জানান, এ বিষয়ে ইতোমধ্যে মামলা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।