জাতীয়

জামায়াতের ইফতার মাহফিলে সপরিবারে দাওয়াত পেলেন প্রধানমন্ত্রী 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৬ পিএম

জামায়াতের ইফতার মাহফিলে সপরিবারে দাওয়াত পেলেন প্রধানমন্ত্রী 
ছবিঃ সংগৃহিত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে ইফতার মাহফিলের দাওয়াত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সেই মাহফিলে উপস্থিত থাকার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন তারেক রহমান। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। সেখানেই আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে দাওয়াতপত্রটি দেন মিয়া গোলাম পরওয়ার।

দাওয়াত দেওয়া শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমরা এসেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠান আগামী ২৮ ফেব্রুয়ারি, সেটার আনুষ্ঠানিক দাওয়াতপত্রই দিতে এসেছিলাম। এটাই মূল বিষয় ছিল।’

গোলাম পরওয়ার আরও বলেন, ‘আগামী ২৮ ফেব্রুয়ারি আমাদের ইফতার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীকে দাওয়াত দিতে এসেছিলাম। তিনি খুব আন্তরিকতার সঙ্গেই কবুল করেছেন। যাবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমাদের আমিরে জামায়াত তাকে সপরিবারে, তার স্ত্রী ও কন্যাকে সেখানে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। উভয়কেই আমরা দাওয়াতপত্র দিয়েছি। তিনি সেটা গ্রহণ করেছেন।’