জাতীয়

রাতে ঘোরাফেরা করলে জিজ্ঞাসাবাদের নির্দেশনা কেবল মন্ত্রীর নিজ এলাকার জন্য, সারা দেশের জন্য নয়: শিক্ষামন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২০ পিএম

রাতে ঘোরাফেরা করলে জিজ্ঞাসাবাদের নির্দেশনা কেবল মন্ত্রীর নিজ এলাকার জন্য, সারা দেশের জন্য নয়: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

রাতে কিশোরদের অযাচিতভাবে ঘোরাফেরা করলে জিজ্ঞাসাবাদের যে নির্দেশনার কথা সম্প্রতি আলোচনায় এসেছে, তা সারা দেশের জন্য নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্ট করেন, এ বক্তব্য তিনি সংসদ সদস্য হিসেবে নিজের নির্বাচনী এলাকা চাঁদপুরের কচুয়ার জন্য দিয়েছেন।

বুধবার সচিবালয়ে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা এবং মাদ্রাসার অষ্টম ও পঞ্চম শ্রেণির (ইবতেদায়ি) বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, নির্বাচনী প্রচারের সময় তিনি কচুয়ার মানুষের কাছে অঙ্গীকার করেছিলেন—১২ ফেব্রুয়ারি রাত ১২টা এক মিনিটের পর থেকে এলাকায় মাদক, ইভ টিজিং, সন্ত্রাস বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। সারা রাত রাস্তাঘাটে ঘোরাফেরা করা—এটা বন্ধ হতে হবে। এ প্রতিশ্রুতি তিনি বারবার দিয়েছেন এবং সেটি কচুয়াকেন্দ্রিক।

তিনি আরও জানান, মন্ত্রী হওয়ার পর কচুয়া উপজেলার প্রশাসনের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে কথা বলেছেন। তবে তিনি স্বীকার করেন, সাংবিধানিকভাবে বিষয়টি সংবেদনশীল। তাই অভিভাবকদের সম্পৃক্ত রেখে কেউ রাতে ঘোরাফেরা করলে তাকে জিজ্ঞাসাবাদ করে পরিবারকে অবহিত করার কথা বলা হয়েছে।

মন্ত্রী জোর দিয়ে বলেন, এটি তার নির্বাচনী এলাকার অঙ্গীকার। শিক্ষা মন্ত্রণালয় থেকে সারা দেশের জন্য এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।