জাতীয়

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪টি ফ্লাইট বাতিল, যাত্রীদের ভোগান্তি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০২:২৫ পিএম

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪টি ফ্লাইট বাতিল, যাত্রীদের ভোগান্তি
ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলার জেরে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। শনিবার থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত এসব ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সাময়িকভাবে আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। ফলে সৃষ্টি হয়েছে নিরাপত্তা-ঝুঁকি, যার কারণে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী বহু ফ্লাইট বাতিল করতে হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অসংখ্য যাত্রী, অনেকেই পড়েছেন অনিশ্চয়তায়।

বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই পরিস্থিতির পেছনে রয়েছে বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সাময়িক আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, গতকাল ঢাকা–মদিনা রুটের বাতিল হওয়া ফ্লাইট বিজি-৩৩৭ আজ বিকেল ৪টায় যাত্রা করবে। ঢাকা–জেদ্দা রুটের বাতিল হওয়া ফ্লাইট বিজি-৩৩৫ আজ সন্ধ্যা ৭টায় যাত্রা করবে।

যাত্রীদের নির্ধারিত সময়ে বিমানবন্দরে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

ইউএস-বাংলা এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ থেকে সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা এবং ওমানের মাস্কাট রুটে তাদের ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। যাত্রীদের ফ্লাইট ছাড়ার চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকতে বলা হয়েছে।

তবে মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা সাময়িকভাবে দুবাই, আবুধাবী, শারজাহ ও দোহা রুটে ফ্লাইট চলাচল স্থগিত রেখেছে। আকাশসীমা পরিস্থিতি স্বাভাবিক হলে যাত্রীদের সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

সার্বিকভাবে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাব এখন সরাসরি পড়ছে বাংলাদেশের আন্তর্জাতিক আকাশ যোগাযোগে, যার ফলে বাড়ছে যাত্রীদের দুর্ভোগ ও অনিশ্চয়তা।