জাতীয়
আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করে গেজেট প্রকাশ
সরকার আট প্রতিমন্ত্রীর দায়িত্বে পরিবর্তন এনেছে। একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এসব প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বিন্যাস করে নির্দিষ্ট মন্ত্রণালয়ে দায়িত্ব সীমিত করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী এ পুনর্বণ্টন করেছেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এখন থেকে শুধু বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। একইভাবে কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ—এই তিন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সুলতান সালাউদ্দিন টুকু এখন কেবল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন—এই তিন মন্ত্রণালয়ের দায়িত্ব দুই প্রতিমন্ত্রীর মধ্যে ভাগ করা হয়েছে। হাবিবুর রশিদ এখন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। অন্যদিকে রাজিব আহসান নৌপরিবহন মন্ত্রণালয়ের পাশাপাশি সেতু বিভাগের দায়িত্ব পালন করবেন।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে জোনায়েদ সাকি এখন শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন। ফারজানা শারমীনকে সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলেও নতুন সিদ্ধান্তে তিনি কেবল সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে কাজ করবেন।
নুরুল হক নুরকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রাখা হয়েছে।
এছাড়া ববি হাজ্জাজ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা—দুই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও এখন থেকে তিনি শুধু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
সরকারের এই পুনর্বিন্যাসের ফলে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীদের দায়িত্ব আরও নির্দিষ্ট ও সীমিত হলো।