জাতীয়
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ঢাকা থেকে ৮ দিনে ২৬৮ ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের মোট ২৬৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শনিবার (৭ মার্চ) পর্যন্ত আট দিনে এসব ফ্লাইট বাতিল হয়েছে।
বেবিচকের তথ্য অনুযায়ী, শনিবার একদিনেই কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্সের একাধিক ফ্লাইট বাতিল করা হয়। এর মধ্যে কুয়েত এয়ারওয়েজের দুটি, জাজিরা এয়ারওয়েজের দুটি, এয়ার অ্যারাবিয়ার ছয়টি, গালফ এয়ারের দুটি, কাতার এয়ারওয়েজের চারটি এবং এমিরেটস এয়ারলাইন্সের চারটি ফ্লাইট রয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় গত ২৮ ফেব্রুয়ারি ইরান, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর ফলে ঢাকা থেকে ওই অঞ্চলের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনায় বিঘ্ন ঘটে।
পরিসংখ্যান অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি বাতিল হয় ২৩টি ফ্লাইট। এরপর ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি এবং ৬ মার্চ ৩৪টি ফ্লাইট বাতিল করা হয়।
বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র বলছে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। ফলে ঢাকা থেকে ওই অঞ্চলের ফ্লাইট কার্যক্রম আগের মতো স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।