জাতীয়
‘আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু’- সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হলো। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
এর আগে বেলা ১১টা ৫ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরুর পরই বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বক্তব্যের শুরুতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নিহত সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে দেশের জনগণ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে এসেছে এবং আজ থেকে সেই কাঙ্ক্ষিত গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো।
তারেক রহমান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন এবং কখনো স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে আপস করেননি। তিনি খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, দল-মত নির্বিশেষে তিনি দেশের সব মানুষের প্রতিনিধিত্ব করছেন। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তোলাই বিএনপির লক্ষ্য। একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করবে এবং এ লক্ষ্য বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
বক্তব্যের শেষে সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।