জাতীয়

নীলসাগর উদ্ধারকাজ শেষ না হওয়ায় বাংলাবান্ধা এক্সপ্রেসের যাত্রা বাতিল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১১:৫৬ এএম

নীলসাগর উদ্ধারকাজ শেষ না হওয়ায় বাংলাবান্ধা এক্সপ্রেসের যাত্রা বাতিল
ছবি: ঢাকাপ্রকাশ

ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় বাংলাবান্ধা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। রাজশাহী ও পঞ্চগড়—উভয় প্রান্ত থেকেই ট্রেনটির যাত্রা বন্ধ রাখা হয়েছে। নীলসাগর এক্সপ্রেসের সব বগি উদ্ধার করতে দীর্ঘ সময় লেগে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আবদুল আউয়াল জানান, লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগির মধ্যে ৪টি পুরোপুরি উদ্ধার করে রেললাইনের ওপর তোলা হয়েছে। সেগুলো সেখান থেকে সরানোর কাজ চলছে। বাকি ৫টি বগি উদ্ধার করে লাইনের পাশে রাখা হয়েছে। সব বগি সরাতে আরও অন্তত তিন ঘণ্টা সময় লাগতে পারে। এরপর শুরু হবে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ।

তিনি আরও বলেন, রাজশাহী-পঞ্চগড় রুটের বাংলাবান্ধা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। ট্রেনটি প্রতিদিন রাত ৯টায় রাজশাহী থেকে এবং সকাল ৯টায় পঞ্চগড় থেকে যাত্রা করে। তবে ঢাকা থেকে ছেড়ে আসা অন্যান্য ট্রেন বগুড়া হয়ে নিজ নিজ গন্তব্যে চলাচল করছে।

এর আগে বুধবার দুপুরে নীলসাগর এক্সপ্রেস সান্তাহার জংশন অতিক্রম করার পর বাগবাড়ি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয় এবং অন্তত ৬৬ জন আহত হন। আহতদের আদমদীঘী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকা ও রাজশাহীর রেল যোগাযোগ ব্যাহত হয়।

ঘটনার পর রাজশাহী-পঞ্চগড় রুটে চলাচলকারী বাংলাবান্ধা এক্সপ্রেসের উভয় পাশের যাত্রা বাতিল করা হয়। রেলওয়ে কর্মকর্তারা বলছেন, দ্রুত সময়ের মধ্যে উদ্ধারকাজ শেষ করে রেল যোগাযোগ স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা চলছে।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম বলেন, কোনো ধরনের গাফিলতি বা তথ্যগত ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখা হবে। কমিটিতে মেকানিক্যাল চিফ ইঞ্জিনিয়ার, সিগন্যাল চিফ ইঞ্জিনিয়ার এবং ট্রান্সপোর্টেশন চিফও রয়েছেন। তিনি বলেন, প্রতিটি তথ্য গভীরভাবে যাচাই করে দেখা হবে।