জাতীয়

৬০০ দুস্থ মানুষের পাশে ‘রমাদান উইশ গেমার্স ফর হিউম্যানিটি’


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১০:৪৫ পিএম

৬০০ দুস্থ মানুষের পাশে ‘রমাদান উইশ গেমার্স ফর হিউম্যানিটি’
ছবিঃ সংগৃহীত

পবিত্র মাহে রমজানের আবহে যখন সংযম, সহমর্মিতা আর মানবিকতার চর্চা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়, ঠিক তখনই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল গেমার কমিউনিটি। ভার্চুয়াল জগতের প্রতিযোগিতামূলক লড়াই ছেড়ে বাস্তব জীবনের মানবতার ময়দানে নেমে এসে তারা দেখিয়ে দিল- গেমিং শুধু বিনোদন নয়, এটি হতে পারে ইতিবাচক পরিবর্তনের শক্তিশালী মাধ্যম।

এই উদ্যোগের নাম “রমাদান উইশ: গেমার্স ফর হিউম্যানিটি”। জনপ্রিয় গেম PUBG MOBILE-এর গেমারদের অংশগ্রহণে শুরু হওয়া এই কার্যক্রম অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য উদাহরণ তৈরি করেছে।

গত ২২ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর এলাকার ইব্রাহিমপুর প্রাইমারি স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয় এই মানবিক যাত্রা। সেখানে দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয় চাল, ডাল, তেল, চিনি, সেমাই ও খেজুরসহ ইফতার এবং ঈদের প্রয়োজনীয় সামগ্রী। অপ্রত্যাশিত এই সহায়তা পেয়ে অনেকের চোখে ফুটে ওঠে কৃতজ্ঞতা আর বিস্ময়-কারণ তারা ভাবতেই পারেননি, গেমাররাই একদিন তাদের পাশে এসে দাঁড়াবে।

এরপর এই উদ্যোগ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। ২৩ ফেব্রুয়ারি রাজশাহী, ২৫ ফেব্রুয়ারি সিলেট এবং ২৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম-এ একইভাবে পরিচালিত হয় খাদ্য সহায়তা কার্যক্রম। প্রতিটি শহরেই ছিল একটাই আবেগ-মানবতা, ভালোবাসা এবং একসঙ্গে থাকার শক্তি।

সব মিলিয়ে প্রায় ৬০০ জন অসহায় মানুষের হাতে পৌঁছে যায় এই সহায়তা। এর অর্থ শুধু কিছু খাদ্যসামগ্রী বিতরণ নয়; বরং হাজারো মুখে হাসি ফোটানো, অসংখ্য পরিবারের মাঝে স্বস্তি এনে দেওয়া।

এই উদ্যোগ একটি শক্ত বার্তা দেয়- গেমিং কমিউনিটি কেবল ভার্চুয়াল জয়ের জন্য নয়, বাস্তব জীবনেও ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। মানবতা আজও বেঁচে আছে, আর সেই মানবতার নতুন এক রূপ দেখাল গেমাররাই।