জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পিএম

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

রোববার (৫ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর সচিবালয়ের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন খবরটি নিশ্চিত করেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

তারেক রহমান.jpg

জানা যায়, বৈঠকে জ্বালানি খাত ছাড়াও উন্নয়ন সহযোগিতা এবং রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু গুরুত্ব পায়।

সাক্ষাৎ শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, যুক্তরাষ্ট্রের জ্বালানি বিষয়ক কর্তৃপক্ষের সঙ্গে তার আলোচনা হয়েছে। তবে বিষয়টির কিছু অংশ গোপনীয় হওয়ায় এখনই তা প্রকাশ করা যাচ্ছে না। তিনি বলেন, বাংলাদেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্র সহায়তা দেবে বলে আশ্বাস দিয়েছে।

চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন সমঝোতা নেই এবং বিদ্যমান চুক্তিগুলো প্রকাশিত। রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অনুমতি চাওয়া হয়েছে—এমন প্রচারণা সম্পূর্ণ ভিত্তিহীন বলেও উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রী আরও জানান, জ্বালানি আমদানির ক্ষেত্রে বাংলাদেশ বিভিন্ন উৎস বিবেচনা করছে। সাশ্রয়ী মূল্যে পাওয়া গেলে ভারত, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র কিংবা রাশিয়া—সব জায়গা থেকেই জ্বালানি সংগ্রহ করা হবে।

বৈঠকে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে দুটি ছবি এবং হোয়াইট হাউসের একটি রেপ্লিকা তুলে দেন। একটি ছবিতে রয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রেসিডেন্ট জিমি কার্টার এবং অপর ছবিতে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র।