জাতীয়

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০২:২৬ পিএম

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানপ্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, রাষ্ট্র সংস্কার ও জনগণের সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।

রোববার (১২ এপ্রিল) সকালে ঢাকা সেনানিবাসে আয়োজিত দরবার অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় সেনাবাহিনীর পেশাদারিত্ব, দায়িত্ববোধ ও দেশপ্রেমের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সম্পত্তি নয়; দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাই তাদের প্রধান দায়িত্ব। সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, অতীতে পিলখানা হত্যাকাণ্ডের মতো ঘটনার মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা হয়েছে এবং পরবর্তী সময়েও বিভিন্নভাবে বাহিনীকে বিতর্কিত করার প্রয়াস দেখা গেছে।

২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী পরিস্থিতি এবং অন্তর্বর্তী সরকারের সময় সেনাবাহিনীর দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তারা সফলভাবে দায়িত্ব পালন করেছে।

সেনাবাহিনীর আধুনিকায়নে জিয়াউর রহমান-এর অবদানের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে দেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না।