জাতীয়

প্রধানমন্ত্রীকে নিয়ে সংসদে কবিতা আবৃত্তি করলেন চিফ হুইপ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পিএম

প্রধানমন্ত্রীকে নিয়ে সংসদে কবিতা আবৃত্তি করলেন চিফ হুইপ
ছবি: সংগৃহীত

টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রীর নাম অন্তর্ভুক্ত হওয়ায় জাতীয় সংসদে তাকে অভিনন্দন জানানো হয়েছে। এ উপলক্ষে সংসদ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে চিফ হুইপ নূরুল ইসলাম মনি প্রধানমন্ত্রী তারেক রহমান-কে নিয়ে কবিতা আবৃত্তি করেন, যা সংসদে উপস্থিত সদস্যদের মধ্যে আলোচনার জন্ম দেয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) অধিবেশনে চিফ হুইপ বলেন, টাইম ম্যাগাজিনের স্বীকৃতি কেবল একজন ব্যক্তির নয়, বরং পুরো দেশের জন্য সম্মানের। তিনি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, তার নেতৃত্বে দেশ নতুন আশার পথে এগোচ্ছে।

বক্তব্যে তিনি সরকারের সাম্প্রতিক বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন। তার ভাষায়, দীর্ঘ সময় পর দেশে ফিরে অল্প সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী কার্যক্রম শুরু করে মানুষের মধ্যে আশাবাদ সৃষ্টি করেছেন।

এরপর তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে একটি কবিতা আবৃত্তি করেন, যেখানে নেতৃত্ব, স্বপ্ন ও দেশের অগ্রগতির বিষয়গুলো তুলে ধরা হয়। কবিতাটি কার লেখা, তা তিনি উল্লেখ করেননি। আবৃত্তির সময় সরকারি দলের সদস্যরা টেবিল চাপড়ে সমর্থন জানান।

প্রধানমন্ত্রীকে নিয়ে চিফ হুইপের আবৃত্তি করা কবিতাটি হলো:

তিনি আসার আগে দেশটা যেন ভাঁজ করা মানচিত্র ছিল।
নদী ছিল, মানুষ ছিল স্বপ্নও ছিল
কিন্তু দিগন্ত খুলে দেওয়ার মতো কোনো হাত ছিল না।
তিনি এলেন, বললেন, খুবই কম কথা
সময়ের কপালে লিখে দিলেন একটি উজ্জ্বল উচ্চারণ
বললেন উই হ্যাভ এ প্ল্যান।
বিশ্বের বড় বড় দরজায় তিনি কড়া নাড়েননি
নিজের আলোয় দাঁড়িয়েছিলেন
দরজাগুলো নিজেই খুলে গেছে
এখন দূর দেশের আকাশেও আমাদের পতাকার রং দেখা যায়
বিদেশি বাতাসেও শোনা যায় এই মাটির নাম
এই দেশের নাম, বাংলাদেশের নাম।
নেতৃত্ব মানে শুধু সামনে হাঁটা নয়
নেতৃত্ব মানে অসংখ্য ক্লান্ত মানুষের চোখে স্বপ্ন জাগিয়ে তোলা
আশা জাগিয়ে তোলা।

চিফ হুইপের বক্তব্যের পর ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, টাইম ম্যাগাজিনে এই স্বীকৃতি পুরো জাতির জন্য গর্বের বিষয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হয় গত ১২ মার্চ। এই সংসদে এটিই প্রথমবার কোনো প্রধানমন্ত্রীর প্রশংসায় কবিতা আবৃত্তির ঘটনা। এর আগে সংসদের বিভিন্ন অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে নিয়ে গান ও কবিতা পাঠের নজির রয়েছে। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-কে নিয়েও কবিতা আবৃত্তির ঘটনা ঘটেছে সাম্প্রতিক অধিবেশনে।

অতীত সংসদগুলোতেও গান ও কবিতা পাঠের মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রশংসা করার ঘটনা আলোচিত হয়েছিল, যা অনেক সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জন্ম দেয়।