জাতীয়

ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পিএম

ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

টানা ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকার তিন মাসের সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন।

কলিম উদ্দিন বলেন, টানা বর্ষণে সুনামগঞ্জসহ হাওড়াঞ্চলের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে কৃষকরা চরম দুর্ভোগে পড়েছেন এবং কষ্ট করে ধান কাটতে হচ্ছে। তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

জবাবে প্রধানমন্ত্রী জানান, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কয়েকদিন আগেই সংশ্লিষ্ট জেলার প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছিল।

তিনি বলেন, হাওড় এলাকার কৃষকদের এই ক্ষতি অত্যন্ত দুঃখজনক। পরিস্থিতি মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে তাদের আগামী তিন মাস সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরও জানান, শুধু হাওড়াঞ্চল নয়, ময়মনসিংহ অঞ্চলের যেসব এলাকায় ভারি বৃষ্টিতে কৃষি ক্ষতি হয়েছে, সেসব এলাকার কৃষকরাও এই সহায়তার আওতায় আসবেন।

সরকারি এই উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।