জাতীয়

৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মসূচি ঘোষণা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ মে ২০২৬, ০৪:০০ পিএম

৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মসূচি ঘোষণা
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় বাজেটকে সামনে রেখে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটি।

শনিবার (২ মে) সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানান। এতে বলা হয়, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ৯ম পে স্কেল দ্রুত বাস্তবায়নের জন্য গেজেট প্রকাশ জরুরি। এ দাবিতে মে মাসজুড়ে বিভিন্ন জেলায় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৮ মে পটুয়াখালী এবং ৯ মে খুলনায় আঞ্চলিক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচির ধারাবাহিকতায় ১৬ মে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভা আয়োজন করা হবে।

বিজ্ঞপ্তিতে সরকারি কর্মচারীদের বর্তমান আর্থিক সংকটের বিষয়টিও তুলে ধরা হয়। এতে উল্লেখ করা হয়, গত ১১ বছরে দুটি পে স্কেল কার্যকর হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত একটি নতুন পে স্কেলও বাস্তবায়িত হয়নি। এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন গ্রেডভুক্ত কর্মচারীরা চরম দুর্ভোগে পড়েছেন এবং অনেকেই ঋণের বোঝায় জর্জরিত।

সংগঠনটির দাবি, অধিকাংশ কর্মচারী ঋণের কিস্তি পরিশোধের পর মাস শেষে যে বেতন পান, তা দিয়ে ১০ থেকে ১৫ দিনের বেশি সংসার চালানো সম্ভব হয় না। ফলে তারা আরও ঋণের ফাঁদে জড়িয়ে পড়ছেন।

এ অবস্থায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রেখে ৯ম পে স্কেল বাস্তবায়ন না হলে কর্মচারীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের উন্নয়নে প্রায় ২২ লাখ সরকারি কর্মচারীর অবদান রয়েছে। তাই তাদের জীবনমান উন্নয়নে সরকার আরও দায়িত্বশীল ভূমিকা নেবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করেছেন তারা।