জাতীয়

পূর্বের ন্যায় সবুজ শার্ট ও খাকি রঙের প্যান্টে ফিরছে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী  


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৪:৩৯ পিএম

পূর্বের ন্যায় সবুজ শার্ট ও খাকি রঙের প্যান্টে ফিরছে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী  
ছবিঃ সংগৃহিত

পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মেট্রোপলিটন এলাকার জন্য আগের সবুজ রঙ ও জেলা পর্যায়ে নীল রঙের শার্ট এবং খাকি রঙের প্যান্টে ফিরছে পুলিশ বাহিনী। তবে কাপড় উৎপাদন ও প্রস্তুতির জন্য কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ সোমবার (০৪ মে) রোহিঙ্গাদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশের বিদ্যমান পোশাক মানানসই হয়নি। নতুন পোশাকে সন্তুষ্ট নয় পুলিশের সদস্যরা। তাদের আবেদনের প্রেক্ষিতে পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ 

তিনি বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সীমান্ত দিয়ে মাদক ও অস্ত্র পাচার রোধে আরও কঠোর হচ্ছে সরকার। ১ মে থেকে মাদকের বড় কারবারিদের ধরতে বিশেষ অভিযানে চলছে।’

৫ আগস্টের পর শীর্ষ সন্ত্রাসীদের জামিন পাওয়াকে আদালতের বিষয় উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘অপরাধীরা বিশৃঙ্খলা সৃষ্টি করলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।’

প্রথম অধিবেশনকে ইতিহাসের সবচেয়ে সফল অধিবেশন দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই অধিবেশনে সবচাইতে বেশি আইন প্রণয়ন হয়েছে।’