জাতীয়

সাংবাদিককে ডেকে পরামর্শ চাইলেন প্রধানমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৫:৫৭ পিএম

সাংবাদিককে ডেকে পরামর্শ চাইলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

বন, পরিবেশ ও কৃষিখাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে  প্রথম আলোর প্রতিবেদক মোস্তফা ইউসুফ–এর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। এ সময় পরিবেশ সংরক্ষণ ও বন রক্ষায় করণীয় বিষয়ে তার মতামত ও পরামর্শ জানতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২১ মে) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান মোস্তফা ইউসুফ। তিনি উল্লেখ করেন, সম্প্রতি তার করা কয়েকটি প্রতিবেদন প্রধানমন্ত্রী পড়েছেন। এরপর তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাকা হয় এবং দীর্ঘ সময় ধরে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

ফেসবুক পোস্ট অনুযায়ী, আলোচনায় বন উজাড়, হাতি হত্যা, সিলেটে পাথর উত্তোলন এবং চট্টগ্রামের পাহাড় ধ্বংসের মতো বিষয় উঠে আসে। সাংবাদিক মোস্তফা ইউসুফ দাবি করেন, এসব বিষয়ে তার বক্তব্য শোনার পর প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে বন ও পরিবেশ মন্ত্রী এবং মৎস্য ও পশুসম্পদ মন্ত্রীকে ফোন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

তিনি আরও জানান, বৈঠকে পরিবেশ রক্ষায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে চট্টগ্রামের যেসব এলাকায় বন উজাড় বেশি হয়েছে, সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরুর পরিকল্পনার কথাও প্রধানমন্ত্রী জানিয়েছেন।

পোস্টে মোস্তফা ইউসুফ লেখেন, দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি মন্ত্রীদের বক্তব্য লিপিবদ্ধ করেছেন, তবে এবার মন্ত্রীরাই তার বক্তব্য নোট নিয়েছেন। এছাড়া ঈদের পর আবারও বৈঠকের সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেন।