জাতীয়

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের নোটিশ ‘বেআইনি’: শিশির মনির


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৭:০৭ পিএম

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের নোটিশ ‘বেআইনি’: শিশির মনির
ছবি: সংগৃহীত

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো লাইসেন্স বাতিলের নোটিশকে ‘বেআইনি’ ও আইনবহির্ভূত বলে দাবি করেছেন হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। একই সঙ্গে এ নোটিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার (৬ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে এ অবস্থান তুলে ধরেন তিনি।

শিশির মনির বলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় যে নোটিশ দিয়েছে, তা আইনসম্মত নয়। এ কারণে হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

ঘটনার পর হাসপাতালের পক্ষ থেকে গৃহীত পদক্ষেপের বিষয়ে তিনি জানান, প্রাথমিক তদন্তে পেশাগত অবহেলার প্রমাণ পাওয়ায় দুই নার্সকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি দায়িত্বে গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট অন্যদের বিরুদ্ধেও তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভুক্তভোগী পরিবারগুলোর অবস্থান তুলে ধরে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার এবং হাসপাতাল কর্তৃপক্ষ—কোনো পক্ষই হাসপাতালটি বন্ধ হয়ে যাক বা চিকিৎসা সেবা ব্যাহত হোক তা চায় না। তবে এ ঘটনার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন নিহত শিশুদের স্বজনরা।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নিহত নবজাতকদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ক্ষতিপূরণ হিসেবে পরিবারগুলোর যোগ্য সদস্যদের চাকরির সুযোগ ও সম্মানজনক আর্থিক সহায়তা দেওয়ার কথাও উল্লেখ করা হয়।