জাতীয়
গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: সংসদে রুমিন ফারহানা
গ্রামাঞ্চলে প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না বলে জাতীয় সংসদে অভিযোগ তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
রোববার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে সম্পূরক প্রশ্নের সময় তিনি এ কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, লোডশেডিং কিংবা মেরামতের অজুহাত যাই বলা হোক না কেন, গ্রামাঞ্চলের বাস্তবতা হলো—সেখানে দীর্ঘ সময় বিদ্যুৎ থাকে না। তিনি আরও জানান, এর ফলে গ্রামীণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
এ সময় তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর উদ্দেশে বলেন, পহেলা মে’র মধ্যে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে আরও এক মাসের বেশি সময় অতিবাহিত হলেও এখনো সেখানে গ্যাস সরবরাহ শুরু হয়নি।
সংসদে তিনি জানতে চান, আশুগঞ্জ সার কারখানায় কবে নাগাদ গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে।
জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহামুদ দেশে গ্যাসের সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে সার কারখানার তুলনায় বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, একদিকে বিদ্যুতের চাহিদা পূরণ করতে হচ্ছে, অন্যদিকে শিল্প কারখানায় গ্যাস সরবরাহের চাপ রয়েছে। সীমিত গ্যাস সরবরাহের কারণে সবখানে একসঙ্গে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এ কারণে আশুগঞ্জ সার কারখানায় এখনো গ্যাস সরবরাহ চালু করা যায়নি।