জাতীয়
মানবিক রাষ্ট্র গড়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী
মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল সোমবার (১৫ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার নির্বাহী ও বার্তা প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় দেশ গড়ার কাজে প্রধানমন্ত্রী গণমাধ্যমের সহযোগিতা চান।
মতবিনিময় শেষে প্রেস সচিব সালেহ শিবলী সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা চাই না হাটে, ঘাটে, মাঠে সব সময় রাজনীতি নিয়ে কথা বলব।’
প্রেস সচিব বলেন, প্রধানমনন্ত্রী একটি কথা বলেছেন যে, একটি কুকুরকে মারা হচ্ছে, একজন মানুষকে মেরে ফেলছে আর আমরা বসে বসে ভিডিও করছি। এই যে, আমাদের মধ্যে যে মানবিক অনুভূতি, মূল্যবোধ রয়েছে- এগুলো জাগিয়ে তোলা দরকার। সামাজিক বোধগুলো জাগিয়ে তোলা দরকার। এ ব্যাপারে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে।
প্রেস সচিব আরও বলেন, প্রধানমন্ত্রী সাংবাদিকদের কথা শুনেছেন। আগামী দিনগুলোতে মিডিয়ার সঙ্গে কথা বলবেন, মতবিনিময় করবেন।
মতবিনিময় সভায় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ও মাহদী আমিন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস. এ. এম. মাহফুজুর রহমান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।