জাতীয়

আদ্-দ্বীনে নিহত শিশুদের পোস্টমর্টেম না হওয়ায় হাসপাতাল সুবিধা নিতে পারে 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০১:৪২ পিএম

আদ্-দ্বীনে নিহত শিশুদের পোস্টমর্টেম না হওয়ায় হাসপাতাল সুবিধা নিতে পারে 
ছবিঃ সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বদ্ধ ঘরে অক্সিজেনের অভাবে আদ্-দ্বীন হাসপাতালের ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ডাক্তার, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ছিল। তাই ৬ শিশুর মৃত্যুর দায় হাসপাতাল কর্তৃপক্ষকে নিতেই হবে। 

আজ মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজে ‘হামের চিকিৎসা পদ্ধতি ও ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন’ বিষয়ক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পোস্টমর্টেম না হওয়ায় আদ্-দ্বীন হাসপাতাল একটি সুবিধা নিতে পারে। তবে আদালত জানে নির্মমভাবে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। আশা করছি, অপরাধীরা বিচারের আওতায় আসবে।

আদ্-দ্বীন মেডিকেল কলেজ চালু থাকার বিষয়ে মন্ত্রী বলেন, ‘শুধু প্যাথলজির নয়, মগবাজার আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্সও বাতিল করা হয়েছে। তবে আদ্-দ্বীন ফাউন্ডেশনের অন্য কোনো শাখা থাকলে তা চালু রাখতে বাধা নেই। 

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সারা দেশে একযোগে ভিটামিন-এ ক্যাম্পেইন চালু হবে। ক্যাম্পেইন চালুর জন্য আমরা কাজ করছি। আগামী ২-৪ দিনের মধ্যে জানানো হবে, কবে থেকে এ ক্যাম্পেইন শুরু হবে।