জাতীয়

এসএসএফ এর পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৬:৩৫ পিএম

এসএসএফ এর পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নবনির্মিত ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করে সেখানে নিজেই অস্ত্র চালিয়ে নিশানা পরীক্ষা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৮ জুন) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কার্যক্রমে অংশ নেন। উদ্বোধনের পর এসএসএফ সদস্যদের মহড়া পর্যবেক্ষণ করেন এবং ব্যবহৃত একটি পিস্তল দিয়ে নিজের নিশানা পরীক্ষা করেন।

প্রধানমন্ত্রী বলেন, নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জটি পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিরাপত্তা কৌশল উন্নয়ন এবং দায়িত্ব পালনে আরও দক্ষ হতে এই সুবিধার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, একজন সরকারপ্রধান হিসেবে তার সবচেয়ে বড় শক্তি জনগণের আস্থা ও ভালোবাসা। তাই নিরাপত্তা ব্যবস্থার কারণে যেন সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব তৈরি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন। একই সঙ্গে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি বা দুর্ব্যবহারের শিকার না হন, সে বিষয়েও বিশেষ নজর দিতে বলেন।

বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসাকালীন সময় এবং তার মৃত্যুর পর অনুষ্ঠিত জানাজা সফলভাবে সম্পন্ন করতে এসএসএফের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই তিনি এই বাহিনীর পেশাদারিত্ব কাছ থেকে দেখে আসছেন।

এছাড়া আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে কমান্ড শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।