জাতীয়
বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পাকিস্তান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর কামরান দাংগালও উপস্থিত ছিলেন।
সাক্ষাতে পাকিস্তানের হাইকমিশনার জানান, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও ইতিবাচকভাবে এগিয়ে নিতে তারা আগ্রহী। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক উন্নতির পথে অগ্রসর হচ্ছে।
আলোচনায় বাণিজ্য সম্প্রসারণ, সামরিক ও বেসামরিক পর্যায়ের সফর বিনিময় এবং শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয় উঠে আসে। তিনি জানান, সম্প্রতি বাংলাদেশের শিক্ষাবিদদের একটি প্রতিনিধিদল পাকিস্তান সফর করে দেশটির শিক্ষা ব্যবস্থার প্রশংসা করেছে।
তিনি আরও জানান, ঢাকায় অনুষ্ঠিত শিক্ষা মেলার সফলতা সম্পর্কে বিরোধীদলীয় নেতাকে অবহিত করা হয়। পাকিস্তান আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে বাংলাদেশের ৫০০ শিক্ষার্থীকে স্কলারশিপ প্রদান করবে, যার মধ্যে ইতোমধ্যে ৭৪ জন শিক্ষার্থী পাকিস্তানে গেছেন।
বৈঠকে দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মেধা বিনিময় বৃদ্ধি এবং চলমান ‘নলেজ করিডর’ প্রকল্প আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়। এছাড়া সংসদীয় পর্যায়ে সম্পর্ক জোরদারে একটি সংসদীয় গ্রুপ গঠনের আহ্বান জানান হাইকমিশনার।
আলোচনার একপর্যায়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তিতে পাকিস্তানের ভূমিকার জন্য বিরোধীদলীয় নেতা পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানান।
বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।