জাতীয়

মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৯:৪০ পিএম

মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

মিয়ানমার সীমান্তে চলমান অস্থিরতা ও উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সরকার। রোববার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাতের কারণে সীমান্তবর্তী এলাকায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা নিয়ে প্রশ্ন উঠলে তিনি জানান, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সীমান্তে নজরদারি ইতোমধ্যে বাড়ানো হয়েছে।

সম্প্রতি আরাকান আর্মির প্রধান আহত অবস্থায় বাংলাদেশে চিকিৎসা নিচ্ছেন—এমন গুঞ্জন প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই।

উল্লেখ্য, মিয়ানমারের অভ্যন্তরে সামরিক বাহিনী ও আরাকান আর্মির সংঘাত সাম্প্রতিক সময়ে তীব্র আকার ধারণ করেছে। এর প্রভাব সীমান্তবর্তী এলাকায়ও পড়ছে, সৃষ্টি হচ্ছে আতঙ্ক। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকার সতর্ক অবস্থানে থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, যাতে দেশের নিরাপত্তা অক্ষুণ্ন থাকে এবং কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব না ঘটে।