জাতীয়

ক্যান্সার আক্রান্ত সন্তান নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জুলাই শহীদের মায়ের সাক্ষাৎ, চাকরির আশ্বাস


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৮:০১ পিএম

ক্যান্সার আক্রান্ত সন্তান নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জুলাই শহীদের মায়ের সাক্ষাৎ, চাকরির আশ্বাস
ছবি: সংগৃহীত

ক্যান্সারে আক্রান্ত সন্তানকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা। এ সময় তাকে চাকরির আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে ক্যান্সারে আক্রান্ত সন্তান মাহমুদুল্লাহ বিন জিসানকে নিয়ে উপস্থিত হন ফাতেমা তুজ জোহরা। তাদের সঙ্গে ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জিসানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসা নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। একই সঙ্গে অসহায় মাকে একটি চাকরির আশ্বাস দেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজন মাহমুদ।

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ফাতেমার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ। এর মাত্র দুই সপ্তাহ পরই তার ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসানের ক্যান্সার ধরা পড়ে। কয়েক মাসের ব্যবধানে স্বামীকেও হারান তিনি।

পরিবারের উপার্জনক্ষম সদস্যদের হারিয়ে চরম সংকটে পড়ে পরিবারটি। ক্যান্সারে আক্রান্ত সন্তানের চিকিৎসা ব্যয় বহন করতে হিমশিম খেতে থাকেন ফাতেমা তুজ জোহরা। এমন পরিস্থিতিতে তার পাশে দাঁড়ান বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।

দলের উদ্যোগে এবং প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে জিসানের চিকিৎসার ব্যবস্থা করা হয়। তখন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বর্তমানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়।

পরবর্তীতে প্রধানমন্ত্রী হওয়ার পরও তারেক রহমান নিয়মিত জিসানের চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন এবং সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।