জাতীয়

কাতারের সাবেক আমিরের স্মরণে ঢাকায় সড়ক নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৭:১৩ পিএম

কাতারের সাবেক আমিরের স্মরণে ঢাকায় সড়ক নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির স্মরণে রাজধানী ঢাকার একটি সড়কের নামকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ জুলাই) বিকেলে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান উত্থাপিত এক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী জানান, ইতোমধ্যে ঢাকা সিটি করপোরেশনকে একটি উপযুক্ত সড়ক নির্ধারণ করে মরহুমের নামে নামকরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কেও মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতার প্রস্তাবকে সরকার ইতিবাচকভাবে গ্রহণ করেছে এবং এ উদ্যোগের জন্য তাকে ধন্যবাদ জানান।

এদিকে কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। দেশের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানাতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কাতারের রাজধানী দোহায় গেছেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, কাতার বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশটি লক্ষ লক্ষ বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে এবং বিভিন্ন সংকটকালেও প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করেছে।

তিনি আরও বলেন, এই সব বিষয় বিবেচনায় মরহুম আমিরের প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, শেখ হামাদ বিন খলিফা আল থানি রোববার মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ১৯৯৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন এবং দেশটিকে আধুনিক রাষ্ট্রে রূপান্তরের অন্যতম স্থপতি হিসেবে পরিচিত ছিলেন।