জাতীয়

আবু সাঈদের স্মরণসভায় অর্ধেক চেয়ার খালি, প্রশ্ন তুললেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৮:৫১ এএম

আবু সাঈদের স্মরণসভায় অর্ধেক চেয়ার খালি, প্রশ্ন তুললেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী 
ছবিঃ সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদকে স্মরণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের কম উপস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আযম খান। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘কেন অর্ধেক চেয়ার খালি পড়ে আছে?’

গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) জুলাই শহীদ দিবস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও রংপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এক শিক্ষার্থীর বক্তব্যের সূত্র ধরে মন্ত্রী বলেন, ‘এটা আবু সাঈদ চত্বর। আমি ধারণা করেছিলাম, আজকে এই চত্বরে যত গরমই থাকুক না কেন, আবু সাঈদকে স্মরণ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকারা একাকার হয়ে যাবেন। তিল ধারণের জায়গা থাকবে না। কিন্তু আমি হতাশ হয়েছি। আবু সাঈদের সহপাঠীরা এই আয়োজনকে কেন আরও চমৎকার করে গড়ে তুললেন না? কেন অর্ধেক চেয়ার খালি পড়ে আছে? আমি যদি বলি অর্ধেকের বেশি চেয়ার খালি...। শুধু আমার জন্য নয়, এটা আপনাদের সবার জন্যই কষ্টের।’

তিনি আরও বলেন, ‘ডায়াসে আমরা অনেক চমৎকার বক্তৃতা করি। কিন্তু সেই বক্তৃতার বাস্তবায়ন করি না। এখন সময় এসেছে কথার চেয়ে কাজের মাধ্যমে সেই আদর্শ বাস্তবায়নের।’

মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী বলেন, বর্তমান সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ ও লালন করছে। সেই চেতনাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে যথাযথভাবে সংরক্ষণ করতে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়েছে।

তিনি বলেন, আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধ মারুফসহ প্রায় দুই হাজার শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক সংগ্রাম গড়ে উঠেছে, সেই চেতনাকে বাস্তবায়ন করাই সরকারের লক্ষ্য।

স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবার রহমান বেলাল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন এবং বিভিন্ন পর্যায়ের অতিথিরা।