জাতীয়
আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনও সংস্কারের কথা বলিনি: মির্জা ফখরুল
স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি কখনও সংবিধান সংস্কারের কথা বলেনি, বরাবরই সংবিধান সংশোধনের কথা বলে এসেছে। জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে বিএনপি।’
শুক্রবার (১৭ জুলাই) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে প্রফেসর এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির প্রতিশ্রুতি অটুট রয়েছে। দলটির অবস্থানকে ইচ্ছাকৃতভাবে ভুলভাবে তুলে ধরা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষায়, বিএনপি কখনোই বলেনি যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে না; বরং জনগণের ম্যান্ডেট ও নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী এর বিষয়গুলো বাস্তবায়ন করা হবে।
সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি বরাবরই সংবিধান সংশোধনের কথা বলে এসেছে, সংস্কারের নয়। জনগণের দেওয়া ম্যান্ডেট অনুযায়ী সংসদে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
জুলাই সনদের বিভিন্ন প্রস্তাব নিয়ে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, উচ্চকক্ষ গঠন, আনুপাতিক প্রতিনিধিত্ব এবং গণভোটের মতো কিছু বিষয়ে বিএনপির সঙ্গে কোনো ঐকমত্য হয়নি। এসব বিষয় দলটির সম্মতি ছাড়াই সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, যেসব বিষয়ে বিএনপি একমত ছিল না, সেগুলো তাদের অনুমতি ছাড়াই যুক্ত করা হয়েছে। তবে এতে জুলাই সনদের প্রতি দলের অঙ্গীকারে কোনো ঘাটতি নেই। অতীতে দেশে বড় ধরনের গণতান্ত্রিক পরিবর্তন বিএনপির হাত ধরেই এসেছে বলেও উল্লেখ করেন তিনি। একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র, রাষ্ট্রপতি শাসন থেকে সংসদীয় পদ্ধতি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুর উদাহরণ দেন তিনি।
বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে উপস্থাপনের চেষ্টা জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তার মতে, কিছু মহল জুলাই সনদকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে জনমনে উত্তেজনা ছড়াতে চাইছে, তবে জনগণ সবই বুঝতে সক্ষম।
তিনি বলেন, জুলাইকে ক্ষমতায় যাওয়ার মাধ্যম হিসেবে দেখতে চায় না বিএনপি। এটি দীর্ঘ প্রায় দুই দশক ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে চলমান আন্দোলনের চূড়ান্ত বহিঃপ্রকাশ। এই আন্দোলনে দলের বহু নেতাকর্মী মামলা, গুম ও হত্যার শিকার হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
প্রফেসর এমাজউদ্দিন আহমেদকে স্মরণ করে তিনি বলেন, তিনি ছিলেন একজন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও গণতন্ত্রের অকৃত্রিম সমর্থক, যিনি সবসময় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে দিকনির্দেশনা দিয়েছেন।
শেষে তার আত্মার মাগফিরাত কামনা করে তার আদর্শ অনুসরণের আহ্বান জানান বিএনপি মহাসচিব।