জাতীয়

নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেড়েছে: ডেপুটি স্পিকার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৮:০০ পিএম

নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেড়েছে: ডেপুটি স্পিকার
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর গঠিত নতুন সংসদকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেড়েছে। তিনি মনে করেন, বর্তমান সংসদে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক চর্চার সুযোগ আগের তুলনায় আরও বিস্তৃত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাউতিকান্দা গ্রামে ব্যক্তিগত সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জাতীয় সংসদ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। অতীতের বিভিন্ন সংসদ নিয়ে জনগণের মধ্যে নানা প্রশ্ন ও সমালোচনা থাকলেও বর্তমান সংসদকে ইতিবাচক পরিবর্তনের ক্ষেত্র হিসেবে দেখা হচ্ছে।

কায়সার কামাল উল্লেখ করেন, ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে সংসদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি ও বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সংসদকে আরও কার্যকর করার চেষ্টা চলছে।

ডেপুটি স্পিকার বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে যারা জীবন ও রক্ত দিয়েছেন, তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতেই বর্তমান সংসদ কাজ করছে।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান ওরফে বাবুল, জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।