জাতীয়
আগস্টে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক কার্যক্রম
আগামী মাসের মাঝামাঝিতে ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক কার্যক্রম চালু করতে যাচ্ছে সরকার। প্রথম ধাপে জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের জন্য ডেবিট কার্ড ইস্যু করা হবে। শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।
তিনি জানান, প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, আর্থিক সক্ষমতা জোরদার এবং আন্তর্জাতিক লেনদেন সহজ করতে ডুয়াল কারেন্সি সুবিধাসহ এই কার্ড চালু করা হচ্ছে। এর মাধ্যমে প্রবাসীরা দেশ-বিদেশে আধুনিক ব্যাংকিং ও পেমেন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।
প্রবাসী কার্ডধারীরা বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহারের সুযোগ, বিশেষ ইমিগ্রেশন সেবা, বিমানের টিকিট ও হোটেল বুকিংয়ে ছাড়সহ নানা সুবিধা পাবেন। এছাড়া সরকারি হাসপাতালে বিশেষ চিকিৎসা সেবা, বেসরকারি হাসপাতালে ছাড়, মৃত্যুর ক্ষেত্রে বিনা খরচে মরদেহ দেশে আনা, পুনর্বাসন ও বীমা সুবিধাও অন্তর্ভুক্ত থাকবে।
এছাড়া জমি নিবন্ধন, নামজারি, ইউটিলিটি সেবা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও কনস্যুলার সেবায় অগ্রাধিকার দেওয়া হবে। রেমিট্যান্স প্রণোদনা, ঋণ সুবিধা এবং সহজ অর্থ লেনদেনের সুযোগও থাকছে এই কার্ডে।
সভায় জানানো হয়, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুনের মধ্যে ২ লাখ প্রবাসী কার্ড বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় ধাপে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে এ কার্যক্রম বিস্তৃত করা হবে।
এ সময় প্রধানমন্ত্রী জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে আরও আধুনিক ও সময়োপযোগী করার নির্দেশ দেন। পাশাপাশি বিশ্বের সব বাংলাদেশি প্রবাসীকে এই কর্মসূচির আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।