জাতীয়

এমপি পদও হারাচ্ছেন গাজী নজরুল ইসলাম!


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৭:১১ পিএম

এমপি পদও হারাচ্ছেন গাজী নজরুল ইসলাম!
ছবি: সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনের অভ্যন্তরীণ তদন্তে তার নৈতিক স্খলনের প্রমাণ পাওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি। একই সঙ্গে বিষয়টি দ্রুত নির্বাচন কমিশনকে অবহিত করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেল ৪টায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

দল থেকে বহিষ্কারের ফলে গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী, কোনো দল যদি প্রাথমিক সদস্য পদসহ কাউকে বহিষ্কার করে এবং স্পিকারের কাছে এমপি পদ বাতিলের আবেদন জানায়, তবে সেই পদ বাতিল হওয়ার নজির রয়েছে। অতীতে আওয়ামী লীগের সংসদ সদস্য লতিফ সিদ্দিকির ক্ষেত্রেও এমন ঘটনা ঘটেছিল।

তবে শুধু সাংগঠনিক পদ বাতিল করা হলে এবং স্পিকারের কাছে আনুষ্ঠানিক আবেদন না করা হলে এমপি পদ বহাল থাকার উদাহরণও রয়েছে। নবম জাতীয় সংসদে জাতীয় পার্টির এইচ এম গোলাম রেজাকে দল থেকে বহিষ্কার করা হলেও স্পিকারকে না জানানোর কারণে তার সংসদ সদস্য পদ বহাল ছিল।

এদিকে গাজী নজরুল ইসলামের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার রাত থেকে প্রচারিত ওই ভিডিও ও সিসিটিভি ফুটেজে এক তরুণীর সঙ্গে তাকে একটি কক্ষে দেখা যায়। স্থানীয় জামায়াত নেতারা ভিডিওতে থাকা ওই তরুণীকে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন।