জাতীয়
সৌদির বিরুদ্ধে হুথিদের নৌ অবরোধের ঘোষণা, নিন্দা জানাল বাংলাদেশ
সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের ঘোষিত নৌ অবরোধের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সরকার বলেছে, এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পাশাপাশি আন্তর্জাতিক সমুদ্রপথে বাণিজ্যের স্বাভাবিক চলাচলের জন্যও বড় ধরনের হুমকি।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অবস্থান তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হুথিদের ঘোষিত নৌ অবরোধ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে এবং আন্তর্জাতিক সমুদ্রপথে অবাধ নৌ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা সৃষ্টি করেছে। আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশন অনুযায়ী লোহিত সাগরসহ আন্তর্জাতিক সমুদ্রপথে বৈধ ও বাধাহীন নৌ চলাচল নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য লোহিত সাগর অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এ পথে যেকোনো ধরনের বিঘ্ন বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যে গুরুতর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সমুদ্রপথে চলাচলকারী সব নাবিক ও পণ্যবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলা এবং সামুদ্রিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে—এমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
পরিস্থিতির আরও অবনতি রোধে কূটনৈতিক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশ বলেছে, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের টেকসই সমাধান সংলাপ, কূটনৈতিক প্রচেষ্টা এবং শান্তিপূর্ণ সম্পৃক্ততার মাধ্যমেই সম্ভব।