জাতীয়

তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৯:১৩ এএম

তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গর
ছবি: সংগৃহীত

তিন দিনের সরকারি সফরে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় পৌঁছাচ্ছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।

সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়েরও কথা রয়েছে। এ ছাড়া কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, সার্জিও গরের এই সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং ঢাকা-ওয়াশিংটনের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করা। সাম্প্রতিক আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্রনীতির অবস্থান সম্পর্কে আরও স্পষ্ট ধারণা নিতে আগ্রহী যুক্তরাষ্ট্র।

কূটনৈতিক সূত্র জানায়, গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর জুনে প্রধানমন্ত্রীর চীন সফর, একই মাসে পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কৌশলগত অবস্থান নিয়ে নতুন আগ্রহ সৃষ্টি করেছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্রনীতি সম্পর্কে বিস্তারিত জানতে চায় ওয়াশিংটন।

সূত্রগুলো আরও জানায়, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের পাশাপাশি সার্জিও গর ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করছেন। ফলে ঢাকা-দিল্লি সম্পর্ক, বিশেষ করে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতের সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অগ্রগতি নিয়েও তিনি আলোচনা করতে পারেন। একই সঙ্গে চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পৃক্ততা, মস্কো ও আঙ্কারার সঙ্গে কূটনৈতিক যোগাযোগ এবং এ বিষয়ে সরকারের অবস্থান সম্পর্কেও জানতে আগ্রহী হতে পারে যুক্তরাষ্ট্র।

এর আগে গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর মার্চে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং মে মাসে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ বাংলাদেশ সফর করেন।

সম্প্রতি ম্যানিলায় অনুষ্ঠিত আঞ্চলিক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ওই বৈঠকে সার্জিও গরও উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে উভয় পক্ষ আলোচনা করে।

উল্লেখ্য, সার্জিও গর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। ভারতে রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের দায়িত্ব পাওয়ার আগে তিনি হোয়াইট হাউসের প্রেসিডেন্সিয়াল পার্সোনেল দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।